ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আসকার বিন তারেক নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এসএম তারেকের ছেলে। তিনি বি.এ.এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
নিহতের চাচা পারভেজ বলেন, চেরাগী পাহাড় এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় তারেক। পরে ওই এলাকায় সে ছুরিকাঘাতে আহত হলে তার বন্ধুরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসেছি। কে বা কারা তারেককে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানিনা।
এ বিষয়ে কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম বলেন, রাত নয়টার দিকে কয়েকজন মিলে আসকারকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা ঘটনাস্থল ও তার আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। কেন এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।


