ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালী কাঁচাবাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুড লাইসেন্স না থাকায় ফিরোজ ট্রেডার্সের মালিককে এ জরিমানা করা হয়।
শনিবার (৪ জুন) বেলা ১১টার দিকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন রিফাত নূর মৌসুমি।
ফিরোজ ট্রেডার্সের মালিক ফিরোজ বলেন, অনেকেরই ফুড লাইসেন্সের কাগজ নেই। তবে আমার দোকানে ওনারা প্রথম এসেছেন। তাই আমাকে জরিমানা করা হয়েছে। বাকিদের তিনদিনের মধ্যে লাইসেন্স নেওয়ার জন্য বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খাদ্যশস্য মজুতবিরোধী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মজুতের বিষয়টি দেখার পাশাপাশি ব্যাবসায়ীদের বিভিন্ন লাইসেন্সের বিষয়গুলোও তদারকি করছি।
এসময় সেলিম রাইচ ভাণ্ডারের মালিক মো. সেলিম জাগো নিউজকে বলেন, মিলাররা চাল বেশি দামে বিক্রি করছে। এজন্য ক্রেতারা ক্ষোভ জানাচ্ছেন। তবে আমরা খুচরা বিক্রেতারা কেজিতে দুই-তিন টাকা লাভ করে থাকি। অভিযান অব্যাহত থাকায় চালের দাম বাড়েনি। এমন অভিযান অব্যাহত থাকলে দাম আর বাড়বে না। বরং কিছুটা কমতে পারে।


