ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনী এবং জাতিগত কারেনি সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। কারেনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে রুখতে দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যের গ্রামগুলিতে এবং তার আশেপাশে বিশাল পরিসরে ল্যান্ডমাইন বিছিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, যা যুদ্ধাপরাধের অন্তরভুক্ত। বুধবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সম্প্রতি কায়াহ রাজ্যে, (যা কারেনি রাজ্য নামেও পরিচিত) তদন্ত পরিচালনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার গোষ্ঠীটির তদন্তে রিপোর্টে বলা হয়েছে, সামরিক বাহিনী এম-১৪ এবং এমএম-২সহ বিভিন্ন ধরণের ল্যান্ডমাইন ব্যবহার করছে। যা প্রায়শই শিকারের পায়ের গোড়লি থেকে হাঁটু বিচ্ছিন্ন করে দেয় এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের কারণ হয়। দুটি মাইনই মিয়ানমারে তৈরি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স ডেপুটি ডিরেক্টর ম্যাট ওয়েলস এক বিবৃতিতে বলেছেন, “মায়ানমারের সেনাবাহিনীর ল্যান্ডমাইন ব্যবহার করে জঘন্য এবং নিষ্ঠুর অপরাধ করছে।” তিনি অভিযোগ করেন, “বিশ্ব যখন এই অস্ত্রগুলিকে ব্যাপকভাবে নিষিদ্ধ করেছে, মিয়ানমারের সামরিক বাহিনী সেগুলোকে মানুষের উঠোন, বাড়ি এবং এমনকি সিঁড়ির পাশাপাশি গির্জার চারপাশে স্থাপন করেছে।”
এদিকে কারেনি হিউম্যান রাইটস গ্রুপে (কেএইচআরজি) জানিয়েছে, ২০২১ সালের জুন থেকে কায়াহ রাজ্যে ল্যান্ডমাইনে কমপক্ষে ২০ জন বেসামরিক লোক নিহত বা গুরুতর আহত হয়েছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর মিয়ানমার সামরিক বাহিনী। এরপর থেকে সামরিক শাসনের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের মধ্যে সশস্ত্র প্রতিরোধ এবং দেশটির সীমান্ত এলাকায় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর পুনরুত্থান ঘটে। জাতিসংঘের মতে, সামরিক বাহিনী দমন-পীড়নে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কয়েক লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


