ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার (ধানগড়া-বাগবাটি) আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদরাসা শিক্ষকের নাম মুফতি মনিরুল ইসলাম সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদরাসার শিক্ষক।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়াসিম আহমেদ জানান, শিক্ষক মনিরুলসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ধানগড়ার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের গাছে সাথে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিক্ষক মনিরুল।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।


