ধূমকেতু নিউজ ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই আব্দুল আওয়াল কনক খান (২৫) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় মাশিলিয়া গ্রামের গোরস্থানের নিকট পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এতে তিনি গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান এ হামলার জন্য কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে তার নিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
গুলিবিদ্ধ আব্দুল আওয়াল কনক খান (২৫) খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশিলিয়া গ্রামের বক্কার খানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানের আপন ছোট ভাই।
ছাত্রলীগ সভাপতির ফেসবুকে স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাওয়া হলে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, নি:সন্দেহে এ হামলার ঘটনা ন্যক্কারজনক। তবে এই হামলার পিছনে আমি বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের কোন সম্পৃত্ততা নেই।
তিনি দাবি করেন বাবুল আক্তার উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ও তার কর্মী বাহিনী আওয়ামী লীগ দলীয় প্রার্থী যাতে নির্বাচনে পরাজিত হন সেজন্য উঠেপড়ে লেগেছে। তারা প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রার্থীকে বিজয়ী করার জন্য এবং ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। এই হামলা তারই একটি অংশ। আর এসব অনাকাঙ্খিত ঘটনার দায় যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদেরকেই নিতে হবে।
ছাত্রলীগের সভাপতি শিমুল জানান, রাত ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফেরার সময় মাশিলিয়া গোরস্থানের নিকট পৌঁছালে দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এসময় তার ছোট ভাই কনক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে ছোট ভাই কনকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রচারণা বন্ধ থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সংঘাত চলছেই। গোলাগুলি চলাকালীন ছাত্রলীগের সভাপতির ভাইয়ের ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।


