ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী আন্দোলন। আজ শনিবার আসর নামাজের পর তারাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে ‘রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার’ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে দলটির তারাগঞ্জ উপজেলা কমিটি। মিছিলটি তারাগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গরুহাটিতে গিয়ে শেষ হয় মিছিলের শেষে বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাওলানা আলহাজ্ব আশরাফ আলী বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ-কষ্টের সীমা থাকে না।
পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। বাজার ব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুহু করে বাড়িয়ে দেয়া হয়। এসব কারসাজি বন্ধ করতে হবে। সমাবেশে আর ও বক্তব্য রাখেন, তারাগঞ্জ উপজেলা শাখার মহাসচিব মাওলানা আখতারুজ্জামান তারাগঞ্জি সহ অনেকে
এসময় তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


