ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রামে অবস্থিত ইউসেপ মোমেনা বখ্শ টেকনিক্যাল স্কুলে বিশেষ কমিউনিটি মিটিং ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল স্থানীয় কমিউনিটির সদস্যদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, পাশাপাশি ইফতারের মাধ্যমে ধর্মীয় আবহে একত্রিত হওয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল, রুপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার এবং সহকারী কৃষি অফিসার রবিউল ইসলাম।
এছাড়াও, অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব, যুবসমাজের দায়িত্ব, এবং কমিউনিটি উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে সবাই একসাথে ইফতার মাহফিলে অংশ নেন।
এই ধরনের অনুষ্ঠানের আয়োজন স্থানীয় সমাজের মধ্যে সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানেও সহায়ক হতে পারে বলে মতামত ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রধান আব্দুল্লাহ আল কামাল।


