ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর, ২৯ মার্চ, ২০২৫: রমজান মাসে জেলার সাড়ে তিন লক্ষাধিক পরিবারকে খাদ্য সুরক্ষা প্রদান করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচী এবং টিসিবি’র সুলভ মূল্যে খাদ্য বিপনন কর্মসূচীর আওতায় চালসহ অন্যান্য পণ্য হ্রাসকৃত মূল্যে বিক্রয় কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে বিনামূল্যে প্রদান করা হয়েছে ভিজিএফ চাল।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় রমজান মাসে জেলার ৫২টি ইউনিয়ন পর্যায়ে ১৪৬ জন ডিলারের মাধ্যমে হত-দরিদ্র ৭৬ হাজার ১৭৫ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পেয়েছেন। ইতোমধ্যে উপকারভোগীদের মাঝে সুলভ মূল্যে চাল বিক্রয় কার্যক্রম শেষ হয়েছে।
জেলার ছয়টি উপজেলা সদরে প্রতি কর্মদিবসে চার টন করে এবং জেলা সদরে পাঁচ টন করে ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি করে খোলা বাজারে চাল বিক্রয় করা হয়েছে। ২২ কর্মদিবসে খাদ্য বিভাগের মোট ৬৩৮ টন চাল ওএমএস কর্মসূচীর আওতায় সংগ্রহ করেছেন এক লক্ষ ২৭ হাজার ৬০০ ব্যক্তি।
অপরদিকে টিসিবি’র খোলা বাজারে সুলভ মূল্যে ট্রাক সেল কার্যক্রমের আওতায় প্রত্যেক কর্মদিবসে একজন ক্রেতা ৫১০ টাকায় দুই কেজি করে ছোলা ও মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি চিনি ক্রয় করেছেন। শহরের পাঁচটি স্থানের প্রতিটিতে ৪০০ ব্যক্তি অর্থাৎ মোট দুই হাজার ব্যক্তি প্রতিদিন এই সুবিধা পেয়েছেন। ১৯ কর্মদিবসে টিসিবি’র পণ্য বিপনন কর্মসূচীর সুবিধা গ্রহন করেছেন ৩৮ হাজার ব্যক্তি।
নাটোর প্রেসক্লাব চত্বরে পণ্য বিপননকারী টিসিবি’র ডিলার সুমন হোসেন জানান, ক্রেতাদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে প্রতি কর্মদিবসে লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতাগণ পণ্য সংগ্রহ করেছেন। ১৯ কর্মদিবসে ইতোমধ্যে বিপনন কার্যক্রম শেষ হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক খন্দকার বলেন, রমজান মাসে ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ এবং জেলা ও উপজেলা পর্যায়ে ওএমএস কর্মসূচীর চাল বিপনন কর্মসূচী ইতোমধ্যে শেষ হয়েছে। খাদ্য বিভাগ ছাড়াও প্রশাসনের ট্যাগ অফিসারের মাধ্যমে বিপনন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মনিটরিং কার্যক্রম বহাল রাখা হয়েছিল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন পর্যায়ে এবং আটটি পৌরসভা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক হাজার ২৮৮.৯৬ টন চাল বরাদ্দ দেয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে এক লক্ষ ২২ হাজার ৮৯৬ পরিবারের মাঝে বিনামূল্যে দশ কেজি করে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, রমজান মাসে খাদ্য বিভাগ এবং টিসিবি’র মাধ্যমে জেলার তিন লক্ষ ৬৪ হাজার ৬৭১ পরিবার বিনামূল্যে অথবা সুলভ মূল্যে চালসহ বিভিন্ন পণ্য বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে এসব বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


