ধূমকেতু প্রতিবেদক : সম্প্রতি ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে শান্তিপূর্ণ বিক্ষোভ র্যালি করেছে রাজশাহী জেলা সিএনজি চালক ইউনিয়ন।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীতে আয়োজিত এই র্যালিতে প্রায় ২০০ থেকে ২৫০ জন সদস্য অংশ নেন। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।
র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের নেতৃবৃন্দ। এদের মধ্যে উপস্থিত ছিলেন:সভাপতি মোঃ মাইনুল হক হারু,সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন,সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ সিরাজুল ইসলাম,সহ-সভাপতি মোঃ হাবিব,সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,অর্থ সম্পাদক মোঃ দুলাল,সড়ক সম্পাদক মোঃ রয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন সুপারভাইজার মোসাদ্দারুল হক মোমিন, খালেকুল আলম পল্টু ও জয়নাল আবেদিন।
নেতৃবৃন্দ জানান, গাজায় শিশু ও নিরীহ মানুষের ওপর চলমান ইসরায়েলি হামলা বিশ্ব মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী। তারা অবিলম্বে এই সহিংসতা বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ কামনা করেন।
শান্তিপূর্ণ এই র্যালিটি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।


