ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ইয়াজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ইয়াজুল ইসলাম নাটশাল গ্রামের মৃত ছানাউল্লাহর ছেলে। এ ঘটনায় ইয়াজুল ইসলামের ভাতিজা মাজিদুর রহমান মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর পূর্বের কর্জবাবদ, জমিতে হালচাষ ও পানি সেচের খরচ বাবদ একই গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম বাবুর কাছ থেকে ৩০ হাজার টাকা পাওনাদার হন ইয়াজুল ইসলাম। গত শনিবার সকালে রফিকুল ইসলাম বাবুকে নিজ বাড়ির কাছে দেখতে পেয়ে উক্ত টাকা দাবী করেন ইয়াজুল ইসলাম।
এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে গাছের ডাল দিয়ে ইয়াজুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে রফিকুল ইসলাম বাবু। এতে তার মাথা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা রক্তাত্ব জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহাদেবপুর থানার (ওসি) শাহীন রেজা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #


