ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকসংলগ্ন শৌচগর থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মাসুদ রানা (৩৪)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামের বাসিন্দা এবং বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
রোববার সকালে শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাসুদের মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। তিনি চিকিৎসার জন্য সম্প্রতি বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন।
রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, মাসুদ নিজের পরনের প্যান্ট দিয়ে শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।
সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর দেড়টার দিকে তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


