ধূমকেতু নিউজ ডেস্ক : ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের খানবাড়িতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করে পালিয়েছে জামাতা মো. বাদল খান (৪৫)। গত সোমবার রাত ১১টার দিকে দুজনকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহতরা হলেন চম্পা বেগম (৩২) ও তার মা বিলকিস বেগম (৫০)। মো. বাদল খান ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। অভিযুক্ত বাদল খান একজন চা বিক্রেতা।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের পুত্র মো. ওবায়দুল হক বাদল খান এর আগে ৩টি বিয়ে করেছিল। সর্বশেষ গত ১৬ এপ্রিল ২০২৫ প্রতিবেশী চাচাতো বোন চম্পাকে বিয়ে করে। এরপর থেকেই সে স্ত্রী চম্পা, শাশুড়ি ফরিদা বেগম এবং প্রথম স্ত্রীর ছেলে ইয়াসিনকে (১০) নিয়ে একটি ফাঁকা বাড়িতে বসবাস করত। সোমবার রাত ১১টার দিকে ইয়াছিন ঘর থেকে পালিয়ে এক প্রতিবেশীকে জানায়, তার বাবা সৎ মা চম্পা এবং সৎ নানি অর্থাৎ চম্পার মাকে হত্যা করেছে। এ সময় ছেলেও আত্মগোপনে চলে যায়। এরপর এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তী সময় চম্পার মামাতো বোন এবং প্রতিবেশী নাছিমা বেগম ঘরের মধ্যে গিয়ে দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়।
এ সময় তাদের শরীরে আগুন জ¦লছিল। তখন তিনি টয়লেটের পানি দিয়ে অগুন নিভিয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ বিষয়ে কেউই কিছু বলতে পারেনি। হত্যাকাণ্ড ঘটনার পর থেকে অবুঝ শিশুপুত্র ইয়াসিনকে পাওয়া যাচ্ছে না। সন্তানকে পাওয়া গেলে হয়তো হত্যার কোনো রহস্য পাওয়া যেতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


