ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছে বাদী ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় মামলা হলে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাদীর পরিবার। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বারবাকপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল মান্নান ও তার ভাতিজা শাহজাহান আলীর সাথে একই গ্রামের আজাহার আলী, তার ভাই ওবায়দুল হক, ওয়াহেদ আলী ও শামসুল আলমের জমি নিয়ে বিরোধ রয়েছে।
বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ বিরোধের জেরে আজাহার আলী ও তার ছেলে সোহেল রানা তাদের বেশকিছু লোকজন গত রবিবার বারবাকপুর জামে মজসিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আব্দুল মান্নানের উপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে আব্দুল মান্নানের ভাতিজা শাহজাহান আলীসহ পরিবারের এগিয়ে এলে তাদেরকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় শাহজাহান আলী বাদী হয়ে পরদিন সোমবার থানায় মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিদের গ্রপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে আসামি ও তাদের লোকজন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের দাবি।
মামলার বাদী শাহজাহান আলী বলেন, আজহার আলী তার ছেলে ও ভাই ভাতিজারা দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের প্রতিপক্ষ তাদের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে না পারায় আমাদের পক্ষে আইনজীবীরা লিখিতভাবে আমাদের পক্ষে মতামত দেন। যেসব জমি তারা দাবি করে আসছে সেগুলোর সিএস, আরএস জরিপে আমাদের নামে রেকর্ডভুক্ত। তারপরও অন্যায়ভাবে তারা আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে। আমাদের একটি পুকুর লিজ দেওয়া আছে। গত ২৩ এপ্রিল প্রতিপক্ষের লোকজন ওই পুকুর থেকে জোরপূূর্বক মাছ লুট করে এবং পুকুরে থাকা জাল পুড়িয়ে দেয়।
এ ঘটনায় আদালতে মামলা করেনওই মাছচাষী। মামলার পর তারা আরো ক্ষিপ্ত হয়ে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এরই জেরে গত রোববার আবারো হামলা চালায় তারা। এ ঘটনায় মামলার পরেও আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এমনকি মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, তারা প্রায় সবাই মাদকাসক্ত হয়ে থাকে। তারা সন্ত্রাসী কায়দায় আমাকে, আমার স্ত্রী ও সন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আরো বড় ধরনের ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় দিন কাটছে তাদের। মামলায় অভিযুক্ত আজহার আলী বলেন, আমার বাবার ভাগের সম্পত্তি আমার চাচা ও ভাতিজারা জোরপূর্বক দখল করে খাচ্ছে।
এ বিষয়ে আদালতে একটি বাটোয়ারা মামলা চলছে। এছাড়া আমাদের ভোগদখলীয় সম্পত্তি ও তারা বিভিন্ন সময় দখলের চেষ্টা করছে। তারা আমাদের উপর মিথ্যা মামলা দিয়েছে।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, মারধরের ঘটনায় করা মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকলেও তাদেরকে ধরার চেষ্টা চলছে। মামলা তুলে নিতে হুমকির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#


