ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য যাদু মিয়ার (যাদু মেম্বার) বিরুদ্ধে ভিজিএফ, ভিজিডি, টিসিবি, বয়স্কভাতা এবং বিধবাভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার নামে অসহায় দরিদ্রদের কাছ থেকে বড় অঙ্কের ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, এসব সরকারি সহায়তার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাদু মেম্বার প্রত্যেকের কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। কিন্তু টাকা নেওয়ার পরও কার্ড বা সুবিধা প্রদান করা হয়নি। বরং, পরবর্তীতে আবারও অর্থ দাবির মাধ্যমে তারা আরও হয়রানির শিকার হচ্ছেন।
ঝাড়পাড়া এলাকার মঞ্জুরুল ইসলাম বলেন, “ভিজিডি কার্ড করে দেওয়ার আশ্বাসে যাদু মেম্বার আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কার্ড দেননি, উল্টো আবার অতিরিক্ত টাকা চাচ্ছেন।”
মোল্লাপাড়ার বাসিন্দা শুকারু অভিযোগ করেন, “আমার কাছ থেকে কার্ড করে দিবে মর্মে ৪ হাজার টাকা নিয়েছে। কিন্তু কোনো কার্ড বা সুবিধা পাইনি।”
জাফরপাড়ার বিধবা নারী তনজিনা আক্তার বলেন, “বিধবা ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও ৪ হাজার টাকা নিয়েছেন তিনি। পরে একাধিকবার তার সাথে যোগাযোগ করেও কোনো ফল পাইনি।”
এমন অনিয়মের অভিযোগে ক্ষতিগ্রস্তদের সংখ্যা শতাধিক বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, জনপ্রতিনিধি হয়েও যাদু মেম্বার প্রতিনিয়ত গরিব-দুস্থদের সঙ্গে প্রতারণা করে চলেছেন।
ভুক্তভোগীরা আরও জানান, টাকা ফেরত চাইতে গেলে যাদু মেম্বার তাদের হুমকির সুরে বলেন, “টাকা খরচ করে মেম্বার হয়েছি, ফ্রিতে কিছু হবে না। ফ্রি খাবারের দিন শেষ।”
এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে হতবাক এলাকার মানুষ। তারা প্রশ্ন তুলছেন— এক জনপ্রতিনিধি কীভাবে এভাবে প্রশাসনের চোখের সামনে এমন দুর্নীতিতে জড়াতে পারেন? তার পেছনে কারা আছেন?
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যাদু মেম্বারের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৩৭৮৩১৪৮৯-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, প্রতারণার শিকার অসহায় মানুষজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


