ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে স্বামী পরিত্যাক্তা খাদিজা বেগম (৩০) নামক এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের বকের মোড়ে খড়হাটির খড়ের পালার পিছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকের মোড়ে খড়হাটির খড়ের পালার পিছনে এক মহিলার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে জানা যায়, নিহত খাদিজা বেগম উপজেলা চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব নিচ পাড়া গ্রামের খোকনের মেয়ে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামী পরিত্যাক্তা হয়ে মহাদেবপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তবে তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।#


