ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের উপর আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। খবর আল জাজিরা’র।
শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়।
গাজা সিটির রিমাল এলাকায় একটি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।
দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। হামলার সময় ‘ভয়াবহ বিস্ফোরণ’ হয়েছিল বলে জানিয়েছেন সেখানে থাকা খলিল আবু হাতাব।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় এখন পর্যন্ত ৩৪২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।
গাজার বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’
অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের এক যোদ্ধা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সেনাদের ওপর হামলা চালালে এর প্রতিক্রিয়ায় অভিযান পরিচালিত হয়। ইসরায়েলের দাবি, তারা হামাসের পাঁচজন উচ্চপর্যায়ের যোদ্ধাকে হত্যা করেছে।


