ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার সামনে এবং রাস্তার উত্তর পাশের পার্কিং স্ট্যান্ড লিজ থাকা সত্বেও উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাইদ হাসান নামের একব্যক্তি। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর ভাটাপাড়া এলাকায় একটি চেম্বারে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদ হাসান বলেন, বাংলা ১৪৩২ বঙ্গাব্দের মেয়াদে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সামনে ও রাস্তার উত্তর পাশের পার্কিংস্ট্যান্ড কর্পোরেশনের সকল নিয়ম মেনে ইজারা গ্রহণ করেছিলাম। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ৪৮৫০০০ টাকা কর্পোরেশনের তহবিলে জমা করি এবং ১০% আয়কর ৪৮৫০০ টাকা ও ১৫% সংযোজন কর বাবদ ৭২৭৫০ টাকা অগ্রণী ব্যাংক লি: নগর ভবন (মাদ্রাসা মার্কেট) শাখায় জমা প্রদান সাপেক্ষে পার্কিং স্ট্যান্ডটি লীজ প্রদান করা হয়। তারপর থেকে আমি নিয়ম অনুযায়ী সেটি চালিয়ে আসছি। এখনো লীজের কয়েক মাস বাকি রয়েছে। তারপরও হঠাৎ করে আমাকে অগ্রিম কোনো ধরণের নোটিশ প্রদান না করে রাস্তার উত্তর পাশের পার্কিং স্ট্যান্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরো বলেন, আমি পার্কিংয়ে এখন পর্যন্ত গাড়ি রাখতে পারছি না। আপনাদের মাধ্যমে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে জানাতে চাই আমার এই পার্কিংটি মেয়াদকাল পর্যন্ত আমার কাছে ফিরিয়ে দেওয়ার। যাতে আমি কার্যক্রম পরিচালনা করতে পারি। তিনি বলেন রাসিকের সচিব মহোদয়কে বিষয়টি জানিয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমি লীজ নেওয়া স্টান্ডটি মেয়াদ থাকা পর্যন্ত ফেরত চাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত যুবদল নেতা আতাউর রহমান বাঁধন বলেন, যখন পার্ক স্ট্যান্ডটি নেওয়া হয়
তখন অপপ্রচার করা হয়েছিল যে, আমরা সেটি দখল করে নিয়েছি। কিন্ত অপপ্রচার সত্য ছিল না। আমাদেরকে হেয় করার জন্য অপপ্রচার করা হয়েছিল। সাংবাদিকদের মাধ্যমে রাজশাহীবাসীকে জানাচ্ছি, স্ট্যান্ডটি আমার ছিলনা। সেটি নিয়ম মেনে সাইদ হাসান নিয়েছিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, খোকন, রাজন, হাফিজ, সৈকত ও সামাদ প্রমুখ।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারবো।


