ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরশনের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু।
শোকবার্তায় মিনু বলেন, গণতন্ত্রের মানস কন্যা, আপোষহীন দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো। এটি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ এক দেশ প্রেমিক নেত্রীকে হারালো।
মিনু আরো বলেন, তিনি সারা জীবন দেশ এবং দেশের মানুষের পক্ষে কথা বলেছেন। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। রাজশাহীর যত উন্নয়ন সবকিছুই বেগম খালেদা জিয়ার অবদান। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন সহ্য করেও অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি ছিলেন গণতন্ত্রকামী আপোষহীন নেত্রী। দেশের গণতন্ত্রের জন্য দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনও যাননি। বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। আমরা বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।



