ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬। খেলার উদ্বোধনতে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (ডেভেলপমেন্ট), উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা বেলায়েত হোসেন। এ সময় তিনি যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তৌফিকুর রহমান রতন। এছাড়াও ম্যানেজার, কোচ ও অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অতিথিরা বলেন, ক্রিকেট দেশের অন্যতম জনপ্রিয় খেলা এবং জেলা পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।


