ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এক মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে সুপারকে হেনস্তার ঘটনা ঘটেছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের আলীদেওনা রাইপুর দ্বি-মুখী আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। ওই মাদ্রাসার সুপারের পদত্যাগ দাবীতে এলাকাবাসী ফুসে উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিসহ এলাকার কয়েকশ মানুষ এসময় মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়।
এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লুৎফর রহমান ঘটনা স্থলে পৌঁছলে সেখানে অবস্থানরত লোকজন তার পদত্যাগ দাবী করে তাকে মানসিক ভাবে হেনস্তা করে। স্থানীয়রা জানান, কোন আলোচনা বা মিটিং ছাড়াই ভারপ্রাপ্ত সুপার মোঃ লুৎফর রহমান স্বেচ্ছাচারীতার মাধ্যমে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে সভাপতির নাম প্রস্তাব করে এলাকার সংসদের প্রতিনিধির কাছে পাঠায়।
এছাড়াও নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতসহ শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ২-১ উপস্থিত থাকলেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে সাক্ষর করেন। মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয়দের অভিযোগ ভারপ্রাপ্ত সুপারের অনিয়মিত উপস্থিতির সুযোগ নেন কয়েকজন শিক্ষক। যার কারনে ঠিকমতো ক্লাস না হওয়ায় মাদ্রাসা বিমুখ অনেক শিক্ষার্থী। তাদের মতে এ মাদ্রাসায় ২৪ জন শিক্ষক, ৬ জন কর্মচারী এবং কাগজে কলমে ৩০০ জন শিক্ষার্থী দেখানো হলেও নিয়মিত শিক্ষার্থী মাত্র ২৩ থেকে ৩১ জনের মধ্যে।মাদ্রাসার সরকারি শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোজাফফর রহমান বলেন, সুপারের কিছু অনিয়ম রয়েছে।
এসব বিষয়ে তাকে অনেক বার পরামর্শ দিলেও তিনি তো শুধরে নেননি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, সুপার এককভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে এসব সমস্যার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধান হবে বলে ওই ইউপি সদস্য মনে করেন। মানসিকভাবে এলাকাবাসীর কাছে হেনস্তার স্বীকার হওয়ার কথা নিশ্চিত করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লতিফুর রহমান বলেন, যে কেউ পদত্যাগ দাবীতে করতেই পারে। তবে তিনি পদত্যাগ করার মতো কোন অপরাধ করেনি।#


