ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৯ টায় দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের ব্যাশপুর রাস্তার জিয়া শিমুলিয়া নামক স্থানে। ঘটনাস্থলের কাছেই রাস্তার উপর তার ব্যবহৃত চার্জার ভ্যানটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তাৎক্ষণিক লাশের পরিচয় পাওয়া না গেলেও পরে পরিচয় পাওয়া যায়, তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকন্ঠপুর (উত্তরপাড়া) গ্রামের আফজাল হোসেনের ছেলে মিঠু হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি পেশায় একজন ভ্যানচালক। তিনি প্রতিদিন বদলগাছীর বিভিন্ন এলাকায় এই ভ্যানগাড়ী চালিয়ে ভাড়া মারেন। রাতে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন সে।
স্থানীয় কয়েকজন পথচারী আধাইপুর-ব্যাশপুর রাস্তার জিয়া শিমুলিয়া নামক স্থানে রাস্তার উপর একটি লাইট জ্বালিয়ে রাখা চার্জার ভ্যান ও তার পাশে রাস্তার ধারে একটি ধান ক্ষেতের জমির কোণায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধর করে থানায় নিয়ে আসে।
ঘটনাস্থলের কয়েকজন ব্যক্তি বলেন, মরদেহের পাশেই রাস্তার উপর ভ্যানটি দাঁড়িয়ে ছিল সেটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। তবে লাশের ঘাড়ে ও পিঠে ছুরির আঘাত রয়েছে। তবে ছিনতাই, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না তা বলা যাচ্ছে না।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কি কারনে এই হত্যাকান্ড সেই রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। শুক্রবার ( ১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, সাম্প্রতিক সময়ে বদলগাছী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাতে সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সাথে রাতে সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।


