ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাগমারার মচমইল ডিগ্রি কলেজ পাড়া যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের মাতিয়ে তোলে রাজশাহীর জনপ্রিয় ব্যান্ড DRIFTLINE। প্রাণবন্ত পরিবেশনা ও সুরের মূর্ছনায় পুরো আয়োজনটি রূপ নেয় এক অনন্য সংগীত সন্ধ্যায়।
ব্যান্ডটির নেতৃত্ব দেন এর প্রতিষ্ঠাতা, সিইও ও কিবোর্ড প্লেয়ার সানি। লিড গিটারে ছিলেন সুইট, অক্টোপ্যাডে জয়ী, বেজ গিটারে অরুন এবং পারকিউশনে সনি মল্লিক। ভোকাল হিসেবে গান পরিবেশন করেন আরিফ, দীপ ও নেহা—যাদের কণ্ঠে জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উঠে আসে দর্শকদের সামনে।
দীর্ঘ ৬ বছর ধরে একসঙ্গে পথচলা এই ব্যান্ডটি ইতোমধ্যেই সারা বাংলাদেশে সাড়া ফেলেছে। বিশেষ করে পুরনো গানকে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে সংগীতপ্রেমীদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছে DRIFTLINE।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা ব্যান্ডটির পরিবেশনায় মুগ্ধ হয়ে করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।
ব্যান্ডটির সিইও সানি বলেন, ভবিষ্যতে দর্শকদের জন্য আরও ভালো ও ভিন্নধর্মী গান উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
রাজশাহীর সংগীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে DRIFTLINE ব্যান্ড।
সাংস্কৃতিক এই আয়োজনটি নববর্ষের আনন্দকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন আয়োজক ও উপস্থিত দর্শকরা।



