ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর ‘তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ’ শিরোনামে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তানোর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর।
উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্যোশ্যপ্রণোদিত বলে দাবি জানিয়ে একটি প্রতিবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করে তানোর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে সুস্থ সবল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো সরকারি নিয়ম অনুযায়ী সঠিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এখানে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ করার কোন সুযোগ নেই। স্বাস্থ্য পরীক্ষায় বিতরণকৃত ছাগলগুলোর কোন ত্রুটি ধরা পড়েনি, সবল ও সুস্থ ছিলো। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো আকারে ছোট দেখালেও ৮ কেজির উপরে ওজন ছিল। আবার উপকারভোগীদেরও ছাগল নিয়ে কোন অভিযোগ ছিল না। ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।
অপরদিকে, ‘কর্মচারী দিয়ে অপারেশনে ছাগলের বাচ্চার মৃত্যু’ নিয়েও যে সংবাদ প্রকাশিত হয়েছে তাও মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্যোশ্যপ্রণোদিত। প্রাণীসম্পদ হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকগণ অপারেশন করেন। এখানে কর্মচারী দিয়ে ছাগলের অপারেশন কোন সুযোগ নেই। সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে রাজশাহীতে নিয়ে যাওয়া হয় না। অফিসের কাজ শেষে অফিসেই রাখা হয়।
প্রকাশিত এসব সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান তানোর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল ২০২৬ইং তারিখ শনিবার অনলাইন নিউজ পোর্টাল ধূমকেতু নিউজ, এফএনএস, বার্তা বিডি২৪ ও আলোকিত ৭১ সংবাদ এবং আঞ্চলিক দৈনিক নতুন প্রভাত পত্রিকায় ‘তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।


