ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে বৃষ্টির দাপটে দ্বিতীয় ম্যাচটি ভেসে যাওয়ায় সব রোমাঞ্চ এখন জমা হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কিউইদের হারাতে পারলেই ট্রফি উঠবে লাল-সবুজের হাতে।
আজ দুপুর ২টায় মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে এই লড়াই। কিউইদের জন্য এটি মান বাঁচানোর এবং সিরিজে সমতা ফেরানোর শেষ সুযোগ। অন্যদিকে, বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতেও আধিপত্য বজায় রেখে সিরিজ নিশ্চিত করার।
সিরিজ এখনো নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ দল আজ কোনো ঝুঁকি নেবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। তবে গুঞ্জন রয়েছে, এই ম্যাচে নিজেদের বেঞ্চ দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে সাকলাইনের আজ অভিষেক হতে পারে। এছাড়া একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তবে ওয়ানডে সিরিজের সাফল্যের পর উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আব্দুল গাফ্ফার সাকলাইন।



