ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় প্রাথমিক শিক্ষক পরিবারের জমিতে অবৈধ দখলের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দখল বন্ধে ঐক্যবদ্ধ হয়েছেন শিক্ষক পরিবার।
উপজেলা সদরের অভ্যন্তরে শিক্ষক সমিতির মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে একটা পক্ষ।
এ অবস্থায় দখলদারদের উচ্ছেদ এবং জমি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক সমিতি কার্যালয় সাধারণ সভা করেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাগমারার শিক্ষক পরিবারের উদ্যোগে একটি জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের পক্ষ থেকে দখল প্রতিরোধে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে, এই সমস্যা শুধু ব্যক্তি নয়, পুরো শিক্ষক পরিবারের জন্য হুমকি। তাই সবাইকে একসাথে থেকে আইনি ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কয়েক বছর থেকেই বাগমারায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কোন নির্বাচিত কমিটি নেই। এই সুযোগে একটি পক্ষ সমিতির জমি দখলের চেষ্টা করছে।
সভায় উপস্থিত থেকে মতামত প্রদান ও করণীয় নির্ধারণের জন্য শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, আব্দুল বারীর, শহীদ জুবায়ের মোঃ কিবরিয়া, ইমরান আলী শেখ, এ বি এম বোরহান উদ্দিন, সম্রাট বাবর শাহ, বেলায়েত হোসেন, জিয়াউল হক। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জরুরি সভায় আগামীতে একটি সক্রিয় শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।



