ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত ৫৬তম ও ৫৭তম ‘উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কোর্সে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহীর পুঠিয়ার সাবেক সহকারী কমিশনার (ভূমি) এবং বর্তমানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ । প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে সম্প্রতি আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তাঁর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন শিবু দাশ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী।
পুঠিয়ায় দায়িত্ব পালনকালে সততা, কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছিলেন শিবু দাশ। দায়িত্বে থাকা কালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, অসহায় কিডনি রোগীকে আর্থিক সহায়তা, বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে পুঠিয়াবাসীর কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।
পুঠিয়া থেকে পদোন্নতি পেয়ে তিনি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে যোগদানের পরও বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। পূজামণ্ডপ পরিদর্শন, জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, আইনশৃঙ্খলা সভায় মাদক ও জুয়া প্রতিরোধে গুরুত্বারোপ এবং গুচ্ছগ্রামের ৩১ বস্তা সরকারি গম জব্দের ঘটনায় আলোচনায় আসেন তিনি।
এদিকে সাম্প্রতিক সরকারি আদেশে তাঁকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রশিক্ষণেও তাঁর এই কৃতিত্বপূর্ণ সাফল্যে পুঠিয়া ও মহালছড়ির মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, সততা, পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় একজন সরকারি কর্মকর্তাকে সাধারণ মানুষের কাছে স্মরণীয় করে তোলে। শিবু দাশের এই অর্জন তাঁর কর্মজীবনে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য।



