ধূমকেতু প্রতিবেদক,তানোর : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীলতা ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও তহসিলদারদের “ভূমি সংক্রান্ত পরিষেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯মে) বেলা ১২টায় রাজশাহীর তানোর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে সিসিবিভিও, রাজশাহী। সহযোগিতায় ছিল ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ।
সভায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম, সার্টিফিকেট সহকারী মেহেদী হাসানসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ভূমিসেবা প্রত্যাশী ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সিসিবিভিও প্রতিনিধি সহকারী কর্মসূচি সমন্বয়কারী শাহাবুদ্দিন সিহাব, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা (অ্যাডভোকেসি ও যোগাযোগ) নিরাবুল ইসলাম এবং ঊর্ধ্বতন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত বক্তব্য দেন।
এসময় রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সদস্য সিষ্টি টুডু, জুলিতা হাঁসদা, আগ্লেস হাঁসদাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া নামজারি, খাজনা প্রদান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে আরও সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।



