ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় হাটগাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ পাকা রাস্তায় একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত দু’টি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামান্য পশ্চিমে। অপরটি কামনগর মোড়ের কাছাকাছি। দেওয়লিয়া গ্রামের ছোট কালভার্ট ভেঙে অন্তত দুই ফিট গর্তের সৃষ্টি হয়েছে। কামনগর গ্রামের গর্তটি এক ফুটের বেশি।
স্থানীয়রা কাঠির মাথায় লাল ফিতা বেধে সতর্ক করেছেন পথচারীদের। স্থানীয়দের ভাষ্য যে, কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। হতে পারে প্রাণহানি।
কামনগর গ্রামের বাসীন্দা আব্দুস সালাম, গোলাম, সাহার আলী, কাঠ মিস্ত্রি কালাম জানিয়েছেন , পথচারীরা যাতে দুর্ঘটনার কবলে পতিত না হন, সেকারণে স্থানীয় ভাবে বাঁশের মাথায় লাল কাপড় টানিয়ে সতর্ক করা হয়েছে।
কামার পাড়া- হাটগাঙ্গোপাড়া ভায়া ভবানীগঞ্জ প্রসস্থ পাকা রাস্তার দু’ধার ভেঙ্গে রাস্তাটি নষ্ট হতে চলেছে। স্থানীয়দের ভাষ্য, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এ রাস্তার বাপ-মা নেই। বিশেষ করে একই রাস্তার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর এলাকার পুকুরের ধারে বেহাল দশা। কোটি কোটি টাকার রাস্তাটি অচিরে পুকুরে বিলীন হবে। বর্ষা মৌসুমে নতুন ভাঙ্গনের মুখে পড়বে রাস্তাটি। জরুরি ভিত্তিতে রাস্তাটি রক্ষণাবেক্ষণ জোর দাবী জানিয়েছেন, স্থানীয় বাসীন্দারা।
সূত্রে জানা গেছে, স্থানীয়রা রাস্তার ধারে খড়, গরুর গোবর (জ্বালানি) শুকাতে দেন। কানাইশহর পুকুরের ধারে একাধিক গাড়ী বিপরীত মুখ দিয়ে চলাচলের সময় ধার চেপে যেতে থাকলে অঘটনের ঝুঁকি থেকে যায়।
বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মুনসুর রহমানকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমদ এর সরকারি মুঠোফোনে কল করলে তিনি কেটে দেন। যার কারণে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়।



