ধূমকেতু প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফায়েজুল কবির মহোদয়।
সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টাই নগরীর সিটি হাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার রেলস্টেশন, বাসস্টেশন, ভদ্রা মোড় ও সাহেববাজার জিরোপয়েন্টসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি গরুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে নগরীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



