ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৬ জুন ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন (পিপিএম) এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী এবং জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় এক আসামির কাছ থেকে ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ আহাদ, মোসাঃ শারমিন, শ্রী লক্ষন হালদার, আহসান হাবিব, মোঃ তাসলিমুল সুলতান, মোঃ আসিফ ইকবাল তামিম, মোঃ শাহাজাহান সিরাজ, মোঃ জুনাইদ ও রকি।
পুলিশ আরও জানায়, অভিযানে মোট ২০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


