ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আপন ভাতিজি কে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং চাচাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭জুন) দুপুরে ভুক্তভোগীর ভাবি সুমাইয়া বিবি বাদী হয়ে তানোর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষক চাচাকে গ্রেফতার করেন তানোর থানা পুলিশ।
ধর্ষণ মামলার আসামি মকবুল হোসেন (৬০) উপজেলার তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামের মৃত খুশবোরের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং ভুক্তভোগীর বড় চাচা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে তার স্বামীর বাড়ি থেকে তানোরের আড়াদিঘী গ্রামে চাচার বাড়িতে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে মকবুল হোসেন ওই প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
মামলার বাদী সুমাইয়া বিবি জানান, পরদিন ভোরে তিনি ভুক্তভোগীর কক্ষে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে জানতে চাইলে ওই নারী অভিযোগ করেন, তার বড় চাচা তাকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগীর স্বামী শরিফুল ইসলাম বলেন, স্ত্রীকে চিকিৎসার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে ফিরে আসার পর থেকে সে কান্নাকাটি করছিল। পরে ঘটনার কথা জানতে পারি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ভুক্তভোগীর সৎ ভাই মানিক হাসান বলেন, চিকিৎসার জন্য নিয়ে গেলেও তার কোনো চিকিৎসা করানো হয়নি। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় অভিযুক্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে।



