ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ও আশপাশের ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে ব্যবসা পরিচালনাকারীদের আগামী তিন দিনের মধ্যে স্বেচ্ছায় স্থান ত্যাগ করার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভবানীগঞ্জ পৌরসভা এলাকার জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের তিন দিনের মধ্যে দখলমুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের মতে, দীর্ঘদিন ধরে জিরো পয়েন্ট এলাকায় ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সাধারণ মানুষকে নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে এসব অবৈধ দখল উচ্ছেদ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যারা অবৈধ দখল সরিয়ে নেবেন না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রশাসনের এ উদ্যোগ সফল করতে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তির অনুলিপি জেলা প্রশাসক, পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), বাগমারা থানা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, ভবানীগঞ্জ জিরো পয়েন্ট দীর্ঘদিন ধরে অবৈধ দখল, ভাসমান দোকান ও ফুটপাত দখলের কারণে জনভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকার শৃঙ্খলা ফিরবে, যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।



