ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া একটি চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকর ও ২৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন ছাতড়া এলাকার রবিলাল সরদারের ছেলে মহাদেব সরদার ও দেবরাজ সরদারের ছেলে ভুট্টু সরদার।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় ও নিয়ামতপুর সার্কেল এএসপি এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে উপজেলার ছাতড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০পিচ
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের তথ্যের ভিত্তিতে ছাতড়া কলকুলা পাড়ায় আনন্দ সরদারের মেয়ে শিল্পী ও মৃত জোতিন সরদারের মেয়ে কেতকীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তাঁরা দুজন পালিয়ে যায়। অভিযানে আনুমানিক ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২৬ লিটার চোলাই মদ, কয়েকশত কোমল পানীয়র বোতল জব্দ করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ও পলাতক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তাঁদের চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



