ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদ হাসান। তিনি বলেন, “প্রতিটি গর্ভধারণ যেন পরিকল্পিত হয়, প্রতিটি প্রসব যেন নিরাপদ হয় এবং প্রতিটি শিশু যেন সুন্দর পরিবেশে বেড়ে ওঠে এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। তাহলেই জনসংখ্যাকে দেশের জন্য বোঝা নয়, বরং জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম বলেন, “নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার আরও বৃদ্ধি করতে হবে, যাতে প্রতিটি মা ও নবজাতক নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে।” সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ, নিরাপদ মাতৃত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং দক্ষ মানবসম্পদ গঠনে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পরিকল্পিত পরিবার, সুস্থ মা ও শিশু এবং জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনাড টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মচারীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।#



