ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর পৌর এলাকার জিওল মাদ্রাসার রাস্তা উদ্বোধন করেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, এমপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। রবিবার সকালের দিকে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। আমাদের সম্পদের কোনো অভাব নেই; প্রয়োজন সুশাসন, সততা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতি ও অপচয় বন্ধ করে সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশকে একটি আদর্শ, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্রে পরিণত করা সম্ভব, ইনশাআল্লাহ।
তিনি জানান, বাজেট অধিবেশনের পূর্বে এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য দ্রুত অর্থ ছাড়ের প্রয়োজন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থ ছাড় নিশ্চিত হওয়ায় স্বল্প সময়ের মধ্যেই জিওল মাদ্রাসার সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও সকল সহযোগীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে রাস্তা নির্মাণের জন্য যাঁরা স্বেচ্ছায় জমি দান করেছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন তাঁদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।
এমপি আরও বলেন, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য অপরিহার্য। ব্যক্তিগত মতপার্থক্য বা বিভেদ নয়, বরং সবাইকে একসঙ্গে কাজ করে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানুষের উপকারে আসে—এমন প্রতিটি উন্নয়নমূলক কাজে সমাজের সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়নকাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও পর্যায়ক্রমে এলাকার আরও রাস্তা উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন, যাতে এলাকাবাসী নিরাপদ ও আধুনিক যোগাযোগ সুবিধা ভোগ করতে পারেন। মাদ্রাসা সুপার মাওলানা আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন ইউএনও নাঈমা খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী রাজনৈতিক নেত্রীবৃন্দু ও সুধীজনর উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরের আগে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপকারভোগীদের মাঝে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি এসএম মাসুদ পারভেজ, জামায়াত নেতা জামিলুর রহমান, থানা আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম,এলজিইডির উপসহকারী প্রকৌশলী শাহিন সালাম,উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, পৌর সেক্রেটারি জুয়েল উদ্দীন, তানোর পৌরসভার মেয়র প্রার্থী মো. মাহবুব চৌধুরী, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মো. আফজাল হোসেন প্রমুখ। এসময় উপকার ভোগীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেলের দিকে এমপি কলমা এতিমখানা পরিদর্শন ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।


