ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য “আদিবাসী জাতিগোষ্ঠীর সম্মান, জীবন ও স্বচ্ছতা সুরক্ষায় তাদের অবদান” স্লোগান দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করে থানার মোড় দিয়ে গোল্লাপাড়া বাজার হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। এসময় জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধি উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মোল্লা, মোঃ আব্দুল কাদির, শ্রী দর্শনাথ দাশ,শ্রী যোসেফ হাঁসদা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমান, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজে তাদের অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা করা হয়।
আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।
তানোরে বিভিন্ন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়মিত আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


