ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের একমাত্র জুলাই শহীদ আস্ সাবুর এর বাবা মো. এনাব নাজেজ (জাকী) আজ সোমবার সকাল ১১ টার দিকে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব মহাদেবপুর ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হবে এবং ছেলে শহিদ আস সাবুরের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সোমবার সকালে স্টোকজনিত কারণে হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনাব নাজেজ (জাকী) মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ সদরের বক্তারপুরে জন্মগ্রহণ করলেও ছোট থেকেই স্বপরিবারে উকিল পাড়ায় বসবাস করতেন। পরে বিয়ের সুবাদে শ^শুর বাড়ি মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা হন। তাঁর গার্মেন্টে চাকরির কারণে আশুলিয়ায় বসবাস করায় ছেলে আস সাবুর আশুলিয়ার জামগড়া শাহীন ক্যাডেট স্কুলে পড়াশোনা করতো।
সে সময় আস সাবুর ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শহীদ আস সাবুর ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে গণঅভ্যুত্থান চলাকালীন তিনি গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। এরপর ভ্যানে স্তূপ করে যে লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই নৃশংসতার শিকার শহীদদের মধ্যে আস সাবুর অন্যতম। পরবর্তীতে তার মরদেহ মহাদেবপুরে নিয়ে আসা হয় এবং ৭ আগষ্ট বুধবার সকালে জানাজা শেষে মহাদেবপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল।
শহিদ আস সাবুরের বাবার আকস্মিক মৃত্যুতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।#



