ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান অফিসার কাওসার আলী, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মৎস্য চাষিদের আরও উৎসাহিত করতে হবে।
‘রুপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ থেকে ১৮ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়।



