ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এনামুল।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি না করা এবং কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহের বিষয়ে সতর্ক করা হয়।



