ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নন্দীগ্রাম উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে। তাই তোমাদের লেখাপড়ায় আরও মনোযোগ দিতে হবে। তবেই তোমরা সুরাগরিক হতে পারবে। আমি প্রত্যাশা করি তোমরা ভালো লেখাপড়া করে সুনাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, কাহালুর সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন প্রমুখ।
পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।



