ধূমকেতু নিউজ ডেস্ক : কাজের ব্যস্ততার মাঝেই হঠাৎ চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা মান্দানাকে। আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিং চলাকালে হিপে চোট পান অভিনেত্রী। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকতে হয় তাকে। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ভক্তদের সুখবর দিলেন রাশমিকা। শারীরিক সমস্যা অনেকটাই কাটিয়ে ফের শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও কাজে ফেরার আনন্দের পাশাপাশি বিশ্রামের দিনগুলো শেষ হয়ে যাওয়ায় কিছুটা আবেগপ্রবণও এই অভিনেত্রী।
ইনজুরির কারণে ঘরবন্দি সময়টা অবশ্য একেবারে নিরানন্দে কাটেনি রাশমিকার। অবসর পাওয়া দিনগুলোতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। পাশাপাশি পোষা কুকুরের সঙ্গে খেলেছেন, পূজায় অংশ নিয়েছেন এবং বাগানের সৌন্দর্য উপভোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ধাঁধা সমাধান থেকে শুরু করে পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তও উঠে এসেছে তার পোস্টে।
ইনস্টাগ্রামে স্মৃতিগুলো শেয়ার করে রাশমিকা জানিয়েছেন, খুব দ্রুতই তিনি আবার কাজে ফিরতে চলেছেন। তবে বিশ্রামের এই সময়টা শেষ হয়ে যাওয়ায় তার খানিকটা মন খারাপও হচ্ছে।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শিগগিরই শুটিংয়ে ফেরার অপেক্ষায় থাকলেও ঘরে থেকে পাওয়া এই শান্ত সময় এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি মিস করবেন। চোটে পড়ার আগে একাধিক সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন রাশমিকা। তার আসন্ন ছবিগুলোর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘মাইসা’।
গন্ড আদিবাসী জনগোষ্ঠীর প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। অ্যাকশন ও আবেগঘন গল্পের এই ছবিতে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী আদিবাসী নারীর ভূমিকায়। চরিত্রটি তার আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা বলেই মনে করা হচ্ছে।
রাশমিকার ঝুলিতে রয়েছে আরও একটি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রণবালী’। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি।
রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় নির্মিত এই তেলুগু পিরিয়ড ড্রামার গল্প আবর্তিত হয়েছে ব্রিটিশ শাসনামলের ভারতের কিছু কম আলোচিত ঐতিহাসিক ঘটনা ঘিরে। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চোটের কারণে সাময়িক বিরতি নিলেও একের পর এক নতুন সিনেমা নিয়ে ফের পর্দায় হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা। ফলে কাজে ফেরার পর তার নতুন চরিত্রগুলো নিয়ে দর্শকদের আগ্রহও যে কম নয়, তা বলাই যায়।


