ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের যৌথ উদ্যোগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।
স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য ও ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইডের এই উদ্যোগ সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাকিফ শামীম। তাঁর এই উদ্যোগের অংশ হিসেবেই রাজশাহীতে এই বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দসহ চেম্বারের বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহীর শাখা ব্যবস্থাপক রেজাউল করিম। এছাড়াও স্বাগত ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবু নাজিম।
অনুষ্ঠানে ল্যাবএইড ফার্মার সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়াও ল্যাবএইড গ্রুপের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেড ফিরোজ হোসাইন খান।
পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা অধিবেশনে হেমাটোলজি, রক্তরোগ ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার লিমিটেডের হেমাটোলজি অ্যান্ড বিএমটি ইউনিটের পরিচালক ও প্রধান, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ সালাউদ্দিন শাহ। তিনি বিভিন্ন রক্তরোগের কারণ, লক্ষণ ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করার পাশাপাশি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের গুরুত্ব ও এ সংক্রান্ত সর্বাধুনিক চিকিৎসাব্যবস্থা তুলে ধরেন। তিনি সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণের গুরুত্বের কথা তুলে ধরে উপস্থিত সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
সবশেষে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামসুর রহমান শান্তন।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী সদস্যদের জন্য বিনামূল্যে বেসিক মেডিকেল চেকআপ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়। দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয়।



