ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দোকান ভাঙচুর লুটপাট ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে। এ ঘটনায় মালশিরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হিরা বিবি বাদি হয়ে একই গ্রামের রাম বিলাশের পুত্র রাম চরণ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ ও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় এজাহার দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন সকালে রামচরণ তার লোকজন ও ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে দোকান ভাঙচুর ও লুটপাট করেন। এসময় বাধা দিতে গেলে মজিদা বেওয়া নামের এক নারীর শ্লীলতাহানি ও তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেছে।
মজিদা বিবির দাবি তার দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই এবং দোকান ভাঙচুর, ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়াও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই ও দোকান ভাঙচুর করায় ৩লাখ টাকার আর্থিক ক্ষতি করেছে রামচরণ বাহিনী। গুরুতর জখম মজিদা বিবি তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মজিদার হাতের দুটি আঙুল ভেঙে গেছে ও হাঁটুর খুলি ফেটে গেছে।
এদিকে আসামীগণ প্রকাশ্যে হুমকি দিচ্ছে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, নাহলে তাদের হত্যা করা হবে।তাদের প্রকাশ্যে নানামুখী হুমকি ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মজিদা বিবির পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের সঙ্গে কথা হলে তিনি বলেন,এ বিষয়ে থানার একজন অফিসারকে প্রাথমিক তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



