ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। শিশুটির পরিচয় নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলছেন না এই অভিনেত্রী। তার নীরবতাই যেন রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তার কোলে দেখা যায় ফুটফুটে এক শিশুকে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
পরীমনির এমন ছবি ও ক্যাপশন দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন—তবে কি আবারও মা হলেন এই অভিনেত্রী? নাকি নতুন কোনো শিশুকে নিজের পরিবারে যুক্ত করলেন তিনি?
পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন পরীমনিকে প্রশ্ন করেন, ‘আর কয়টা নিবেন?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘৯৭ ইনশাল্লাহ।’
শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার মমত্বের কথা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। একাধিকবার তিনি জানিয়েছেন, অনেক সন্তানের মা হতে চান। এমনকি একসময় ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। ফলে নতুন ছবিকে ঘিরে অনেকের ধারণা, হয়তো আবারও কোনো শিশুকে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন পরীমনি।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমনি। কয়েক বছর পর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ের বড় একটি অংশ সন্তানদের সঙ্গে কাটান তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
এদিকে নতুন ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরীমনি পরিপাটি সাজে রয়েছেন। তার কোলে ঘুমন্ত এক শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ কেউ জানতে চাইছেন—কোলে থাকা শিশুটি আসলে কে?
শিশুটির পরিচয় কিংবা ‘তিন নম্বর জন’ বলতে পরীমনি কাকে বুঝিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। ফলে তার একটি ছবি ও ছোট্ট ক্যাপশন ঘিরেই চলছে নানা জল্পনা।



