ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালি দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান ২০২৬ এর উদ্বোধনের পর রাজশাহীর পুঠিয়া উপজেলাও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনে অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ভার্চুয়াল অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অভিযানের শুরুতে উপজেলা চত্বরে মশা নিধনকারী ঔষধ প্রয়োগ করা হয়। পাশাপাশি উপজেলা চত্বরে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় এবং ছোট বড় আগাছা অপসারণ করা হয়। এসব কার্যক্রমের মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকৎ সালমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, উপজেলা সমাজসেবক কর্মকর্তা রবিউল করিম, পুঠিয়া লস্করপুর কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা। এছাড়াও উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে শুরু হওয়া এ অভিযান উঠে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়াও তিনি উপজেলা প্রশাসনকে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সলমান বলেন, জনস্বাস্থ্যে ডেঙ্গু ঝুঁকি কমাতে উপজেলা প্রশাসন সর্বক্ষণ মাঠে থাকবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় মশা নিধন এবং জমে থাকা পানি অপসরণের জোরালো পদক্ষেপ নেয়া হবে।



