ধূমকেতু প্রতিবেদক : আগামী নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, দেশের মোট ভোটারের বড় একটি অংশ নারী। বিএনপির অন্যতম প্রধান ভোট ব্যাংকও নারী ভোটার। তাই ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে মহিলা দলের সংগঠন শক্তিশালী করার পাশাপাশি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। রাজশাহী জেলা মহিলা দলের উদ্যোগে বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুনলাইট গার্ডেনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড শফিকুল হক মিলন বলেন, নারীরা সমাজের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। দেশের নারী ভোটারদের গুরুত্ব কোনো অংশেই কম নয়; বরং নারীরাই বিএনপির অন্যতম প্রধান ভোট ব্যাংক। মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে এখন থেকেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। যেসব এলাকায় মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেখানে দ্রুত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করা প্রয়োজন। শফিকুল হক মিলন বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।
সভায় প্রধান বক্তা রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, নির্বাচন সামনে রেখে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হতে পারে। নারী নেতা-কর্মীদের এসব বিষয়ে সতর্ক থেকে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ধর্মের নামে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সচেতনভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘বাংলার মাটিতে জামায়াতের কোনো স্থান দেওয়া হবে না।’
বিশেষ অতিথি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ধর্মের দোহাই ও নানা প্রতিশ্রুতির মাধ্যমে নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। ঋণ, খাবার, টাকা বা বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ধর্মীয় পরিচয় বা বক্তব্য শুনেই কাউকে বিশ্বাস না করে তাঁর কাজ ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করতে হবে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধেও মানুষকে সচেতন করতে হবে।
রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভা সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। অনুষ্ঠানে বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



