ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোরাব আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী চাকলমা গ্রামের আব্দুর সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার মেরামত করার জন্য তোরাব আলী নিজ বাড়ির টিনের চালে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিনের চাল থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তোরাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



