ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় তিনটি বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিলগুলো হলো বিলমান্দা, বিলউথরাইল ও চককসবা বিল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর প্রকল্প পরিচালক শামশুল করিম, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, এমপির প্রতিনিধি আব্দুল মতিন মাল এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় বিলগুলোতে মৎস্যসম্পদ বৃদ্ধি ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি বিলের মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল সাধারণ মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতাভুক্ত এসব বিলে স্বল্পমূল্যে টিকিট সংগ্রহ করে মৎস্যজীবীরা মাছ আহরণ করতে পারবেন। তবে মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বিলে নিষিদ্ধ জাল ব্যবহার করা যাবে না।#



