ধূমকেতু নিউজ ডেস্ক : গায়ে তার সাদা সালওয়ার কামিজ, গলায় অসমের লাল উত্তরীয়, কপালে সিঁদুরের টিকা দিয়ে কামাখ্যার মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন সাইফ কন্যা সারা আলী খান। তিনটি ছবি পোস্ট করে সারা ক্যাপশনে লিখেন, ‘শান্তি, কৃতজ্ঞতা এবং ধন্য’। প্রণামের চিহ্নও জুড়ে দিয়েছেন তিনি।
সেই ছবির মন্তব্যের বাক্সে একের পর এক কটূক্তি নজরে আসছে। কোথাও তার ধর্ম নিয়ে জানতে চাওয়া হচ্ছে, কোথাও আবার তার পুরনো ছবিতে পোশাক পরার কায়দাকে কটাক্ষ করা হচ্ছে। যদিও নেটাগরিকদের একাংশ সারাকে এই বেশে দেখে খুশি হয়েছেন। তাদের বক্তব্য, ‘আপনি সব ধর্মকে সম্মান করেন দেখে ভালো লাগছে।’ কিন্তু ভালো মন্তব্য যেন ঢাকা পড়ে গিয়েছে কটাক্ষ, পরিহাসে।
মন্তব্য বাক্সে কেউ কেউ সাফ জানিয়ে দিয়েছেন, তারা কেবল হিংসামূলক মন্তব্য পড়তে এসেছেন। কেউ কেউ আবার কটাক্ষের পূর্বাভাস পেয়ে আগেই সারাকে পরামর্শ দিয়েছেন, ‘আপনি এ বার মন্তব্য বাক্স অচল করে দিন।’
এক মহিলার দাবি, ‘ছোট জামা পরে ভাইয়ের (ইব্রাহিম আলি খান) সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন, এখন আবার ইসলাম ধর্মাবলম্বী হয়ে মন্দিরেও যাচ্ছেন!’ কেউ আবার সারাকে প্রশ্ন রছেন, ‘আপনি হিন্দু না মুসলিম? গুলিয়ে যাচ্ছে।’ কেউ আবার বাকিদের মনে করিয়ে দিচ্ছেন, সাইফ আলি খান মুসলিম হলেও তাঁর মা অভিনেত্রী অমৃতা সিংহ এক জন হিন্দু।
জানা গিয়েছে, আগামী ছবির শ্যুটিংয়ের কাজে অসমের রাজধানী গৌহাটি গিয়েছেন অভিনেত্রী। কাজের ফাঁকে তাই সেখানকার বিখ্যাত কামাখ্যা মন্দির দেখতে গিয়েছিলেন তিনি।


