ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধে ইতি টেনে সম্প্রতি আফগানিস্তান ছেড়েছে মার্কিন বাহিনী। ফলে বিনা বাধায় দেশটির ক্ষমতা দখল করে তালেবান, নতুন করে শুরু হয় শরণার্থীর স্রোত। টানা দুই দশক আফগানিস্তানে কথিত শান্তিপ্রতিষ্ঠার যুদ্ধে কী মূল্য চুকাতে হয়েছে, আফগান ও মার্কিনিদের কাছে সম্প্রতি এমন প্রশ্ন রেখেছিল রুশ টেলিভিশন নেটওয়ার্ক আরটি। জবাবে তারা জানিয়েছেন, কতটা ভয়ংকর পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে তাদের, যার ফল ভুগতে হচ্ছে আজও।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় আল-কায়েদা। এতে প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষ। হামলাকারী জঙ্গিগোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেনকে তালেবান আশ্রয় দিয়েছে অভিযোগ তুলে ওই বছরই আফগানিস্তান আক্রমণ করে যুক্তরাষ্ট্র। যদিও পরে পাকিস্তানে পাওয়া যায় লাদেনকে, সেখানেই মার্কিন বাহিনীর হামলায় প্রাণ হারান এ জঙ্গি নেতা। এরপরও আফগানিস্তান ছাড়েনি যুক্তরাষ্ট্র। সেখানে পাল্টা বিদ্রোহ, বিমান হামলা আর স্থানীয় যুদ্ধনেতাদের অর্থ সাহায্যের মাধ্যমে কথিত ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠার মিশন চালিয়ে গেছে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের হেরে যাওয়া এ যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তা, তালেবানের পক্ষে-বিপক্ষে লড়া আফগান এবং এ সহিংসতার মধ্যে পড়া সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলে ‘আফগানিস্তান আফটার দ্য ইউএস’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে আরটি। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) প্রচার করা হয়েছে সেটি।


